ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার চারটি গ্রামের কয়েকশ পরিবার একদিন আগেই পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন।
বুধবার (২৭ মে ২০২৬) সকালে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিনটোলা ও বাগানপাড়া এবং শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তর বিঘি গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে এবার খোলা মাঠের পরিবর্তে স্থানীয় মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় করা হয়। জামাতে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী।
নামাজ শেষে মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি দেন। পরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন তারা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এসব গ্রামের মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপন করে আসছেন।



