ধূমকেতু প্রতিবেদক,বাঘা : ‘জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করব আমরা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো এবং সংরক্ষণে এক নজিরবিহীন ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সম্পূর্ণ বিনামূল্যে “পারিশ্রমিক ছাড়া” সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই বাহিনী এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছে।
আড়ৎ ও মাদ্রাসায় চামড়া সংরক্ষণ, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সত্যজিৎ কুমারের দিক-নির্দেশনায় উপজেলা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি চৌকস আনসার ও ভিডিপি টিম ঈদের দিন থেকে স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার নারায়ণপুর বাজারের চামড়ার আড়ৎ এবং হামিউস সুন্নাহ মাদ্রাসায় গিয়ে এই সদস্যদের চামড়া সঠিকভাবে ছাড়ানো ও লবণ দিয়ে চামড়া সংরক্ষণের কাজে সরাসরি অংশ নিতে দেখা গেছে।
বাড়ি বাড়ি গিয়ে মাংস ও চামড়া প্রস্তুত শুধু আড়ৎ বা মাদ্রাসাতেই নয়, উপজেলার বিভিন্ন গ্রামে যেসব সাধারণ মানুষ দক্ষ লোকের অভাবে পশুর চামড়া সঠিকভাবে ছাড়াতে পারছিলেন না, আনসার ও ভিডিপি সদস্যরা নিজ উদ্যোগে তাদের বাড়ি বাড়ি পৌঁছে যান। সেখানে তারা অত্যন্ত যত্নসহকারে চামড়া ছাড়িয়ে দেন এবং কোরবানির মাংস প্রস্তুতের কাজেও সরাসরি সহায়তা করেন।
এলাকায় ব্যাপক প্রশংসা, সাধারণত কোরবানির ঈদে চামড়া ছাড়ানো ও মাংস প্রস্তুতের জন্য বিপুল অংকের পারিশ্রমিক দিতে হয়। কিন্তু কোনো ধরনের আর্থিক সুবিধা বা পারিশ্রমিক ছাড়াই আনসার ও ভিডিপি বাহিনীর এই সদস্যরা দিনভর এই স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করেন।
জাতীয় সম্পদ চামড়ার গুণগত মান রক্ষা এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে বাঘা উপজেলা আনসার-ভিডিপির এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সর্বমহলে প্রশংসিত হচ্ছে।



