ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারার গোবিন্দ পাড়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে নিজেদের লোক রাখার দাবিতে প্রধান শিক্ষককে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আজ শুক্রবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদী হয়ে বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। একই অভিযোগে আগের দিন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।
থানায় দায়ের করা সাধারণ ডায়েরি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে গোবিন্দ পাড়া উচ্চবিদ্যালয়ের পাঠদান চলাকালীন সময়ে স্থানীয় চার ব্যক্তি প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করেন। এরা হলেন ওই এলাকার বাসিন্দা মশিউর রহমান, সাজেদুর রহমান, রাজু আহমেদ ও লিটন হোসেন। তাঁরা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি হিসেবে তাদের পছন্দের আবুল কাশেম মণ্ডল নামের এক ব্যক্তির নাম রাখার দাবি জানান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা (৫২) কমিটি গঠনের প্রক্রিয়া হতে আরও দেরি রয়েছে এবং পুরোপুরি তার এখতিয়ার নেই বলে তাদের জানান। এতে চার ব্যক্তি প্রধান শিক্ষকের উপর ক্ষিপ্ত হন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। এসময় পাশের কক্ষ থেকে কর্মচারীরা এসে তাদের নিবৃত্ত করেন। এক পর্যায়ে শিক্ষককে বিদ্যালয় ছাড়া ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
পরে প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা প্রশাসনের কর্মকর্তাকে লিখিত ও মৌখিকভাবে জানান। এ বিষয়ে নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে আজ শুক্রবার দুপুরে বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিতে চার ব্যক্তির নাম উল্লেখ করে নিজের নিরাপত্তার দাবি জানান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা বলেন,’হুমকির পর আমি পুরো নিরাপত্তাহীনতায় রয়েছি, আমার নিরাপত্তার বিষয়টি দেখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি।’ স্থানীয় বাসিন্দারা জানান, হুমকি দাতাদের মধ্যে ছাত্রলীগ ক্যাডার সাজেদুর রহমান গত ২০২৪ সালের ৫ আগস্ট হাট গাঙ্গোপাড়ায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। হুমকিদাতাদের দুই একজন এর আগেও বিদ্যালয়ে এসে সুবিধা আদায়ের চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
হুমকি দাতাদের মধ্যে রাজু আহম্মেদ, লিটনসহ অন্যরা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার স্কুলে গিয়ে আমাদের দাবি জানিয়ে এসেছি, কোন হুমকি দেওয়া হয়নি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন,’থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিবে।’
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



