ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : এবারও শতভাগ জিপ্ওি-৫ পাওয়ার রেকর্ড ধরে রেখেছে ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী ক্যাডেট কলেজ। এবার এসএসসি পরীক্ষার ফলাফলে সারাদেশে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের হার দুটিই কমেছে। তবে বরাবরের মতো ঈর্ষণীয় সাফল্য ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। প্রতিবারের মত এবছরও কলেজটি থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই জিপিএ-৫ পেয়ে রেকর্ড ধরে রাখার গৌরব ধরে রাখার দৃষ্টান্ত দেখালো শিক্ষাথীরা। সোমবার দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কলেজের ৪৯ জন পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। এখানে শুধুমাত্র লেখাপড়া নয়, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং খেলাধুলা অনুশীলন করা হয়ে থাকে।
এছাড়া সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে। সামগ্রিক বিবেচনায় ক্যাডেট কলেজসমূহ ক্যাডেটদের জ্ঞান-গরিমায় সমৃদ্ধ করে নৈতিক চরিত্রে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে। ভবিষ্যতে এ কর্মধারা যেন অব্যাহত থাকে সেজন্য রাজশাহী ক্যাডেট কলেজ সকলের আন্তরিক দোয়া কামনা করছেন।



