ধূমকেতু প্রতিবেদক : সাংবাদিকরা হচ্ছে দেশের আয়না। সাংবাদিকদের লেখনির মাধ্যমে একটি দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব। পূর্বে খুব সীমিত সংখ্যক সংবাদমাধ্যম ছিল। এখন অনেক সংবাদ মাধ্যম হয়েছে। সেইসাথে সামাজিক মাধ্যম বিভিন্ন ধরনের সংবাদ দিয়ে প্রকাশ করছে। কিন্তু কিছু কিছু নিউজ এর ক্ষেত্রে অনেক উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। এর ফলে দেশ ও সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হতে দেখা যায় বলে উল্লেখ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। রাজশাহী সিটি প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যদেও সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন খবর প্রকাশের আগে যাচাই-বাছাই করা খুবই জরুরী। কারণ প্রকাশিত হয়ে গেলে আর কিছু করার থাকেনা। বন্দুকের গুলি ছুড়লে যেমন ফিরিয়ে নেওয়া যায় না। তেমনি প্রকাশিত খবর ও সবার কাছে পৌঁছে যাওয়ায় এটা কোনভাবেই আর ফেরত নেওয়া যায় না। খবর প্রকাশের আগে প্রকৃত তথ্য উদঘাটন করে সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান তিনি। সেইসাথে রাজশারী উন্নয়ন ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বিভাগীয় কমিশনার।
এ সময় উপস্থিত সাংবাদিকগণ রাজশাহীর মহানগলীর যানজট নিরসন ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করেন। এসব বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিক আলম, সহ-সভাপতি সুলতান মাহমুদ রেজা, সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলু, সাধারণ সদস্য রেজাউল মুহিন তপন, শুকরানা বাবু, ইউসুফ আলী চৌধুরী ও আমজাদ হোসেন।



