ধূমকেতু নিউজ ডেস্ক : ঢালিউডের পরিচালক রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জার সম্পর্ক নিয়ে একসময় বিনোদন অঙ্গনে কম আলোচনা হয়নি। সময়ের সঙ্গে সেই আলোচনা কিছুটা স্তিমিত হলেও এবার তমার অভিনয়ের প্রশংসা করে নতুন করে আলোচনায় এসেছেন রাফী। ‘আমলনামা’ সিনেমার শেষ দৃশ্যে তমা মির্জার অভিনয় তাকে আবেগাপ্লুত করেছিল বলে জানিয়েছেন এই নির্মাতা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তমা মির্জার সঙ্গে একটি ছবি পোস্ট করে ‘আমলনামা’ নির্মাণের অভিজ্ঞতা ও নিজের অনুভূতির কথা তুলে ধরেন রায়হান রাফী। সেখানে সিনেমাটির শেষ দৃশ্যে তমার অভিনয়ের প্রশংসা করেন তিনি।
আর রাফীকে ধন্যবাদ জানাতে ভুলেননি তমাও। ওই পোস্টের কমেন্ট বক্সে নির্মাতাকে ধন্যবাদ জানান তিনি।
রাফী লেখেন, ‘আমলনামা’র শেষ দৃশ্যের শুটিংয়ের সময় তমা মির্জার হৃদয়স্পর্শী অভিনয় সেটে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তুলেছিল। সেই একই আবেগ যখন দর্শকদের মনেও অনুরণিত হতে দেখেছেন, তখন পুরো নির্মাণযাত্রা তার কাছে আরও অর্থবহ হয়ে উঠেছে।
নির্মাতার ভাষ্যে, ‘আমলনামা’ তার কাছে বিশেষ একটি কাজ। ভালোবাসা, আস্থা ও একটি অসাধারণ দলের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই চলচ্চিত্র তার ব্যক্তিগত যাত্রারও অংশ হয়ে আছে। সিনেমাটির জন্য স্বীকৃতি পাওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
একসময় বেশ জমজমাট ছিলো নায়িকা-পরিচালকের সম্পর্ক
‘দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫’-এ ‘আমলনামা’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা। অন্যদিকে, সিনেমাটির জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন রায়হান রাফী। তাদের এই অর্জনও চলচ্চিত্রটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
চরকিতে মুক্তি পাওয়া ‘আমলনামা’ একটি মৌলিক চলচ্চিত্র। এর গল্পে সত্য ঘটনা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ছায়া রয়েছে।
একসময় ব্যক্তিগত সম্পর্কের কারণে আলোচনায় থাকা রায়হান রাফী ও তমা মির্জা এখন আবার খবরের শিরোনামে। তবে পরিচালকের সাম্প্রতিক পোস্টটি মূলত তমার অভিনয় ও সিনেমাটির অভিজ্ঞতা ঘিরেই। তাদের পুরোনো সম্পর্ক নিয়ে নতুন কোনো বক্তব্য দেননি রাফী।



