ধূমকেতু নিউজ ডেস্ক : সদ্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের লগি-বইঠা নিয়ে সশস্ত্র মহড়া এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টার পর চরম উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। উদ্ভূত এই পরিস্থিতি কঠোর হস্তে দমন করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের দাঙ্গা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবার শুধু মাঠে নেমেই নয়, বরং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে পর্যবেক্ষণ করছে বিজিবি। সদর দপ্তরের বার্তায় জানানো হয়েছে, মাঠপর্যায়ে দায়িত্বরত বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বেশিরভাগ সদস্যের ইউনিফর্মের সঙ্গে ‘বডি ওর্ন ক্যামেরা’ সংযুক্ত করা হয়েছে।
পাশাপাশি, ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ভিডিও সংগ্রহ করে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের সেন্ট্রাল মনিটরিং সেল থেকে এই পুরো কার্যক্রম তদারকি করা হচ্ছে, যাতে যেকোনো নাশকতার চেষ্টা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মুহূর্তের মধ্যেই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
গত রোববার গোপালগঞ্জ জেলা শহরটি কার্যত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দখলে ছিল। সদরের আশপাশের এলাকা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে বাস, ট্রাক, ভ্যান ও মোটরসাইকেলে করে শত শত নেতা-কর্মী শহরে প্রবেশ করে। এরপর তারা হাতে লগি, বইঠা ও দেশীয় অস্ত্র নিয়ে শহরের বিভিন্ন স্থানে মহড়া দেয়।
এ ধরনের চরম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মুখে রোববার সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেয় সরকার। এরপর সোমবার সকাল থেকেই ‘বাড়তি সতর্কতার’ অংশ হিসেবে ১০ প্লাটুন বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামিয়েছে স্থানীয় প্রশাসন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ বা বেসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী বর্তমানে বিজিবি সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন।



