ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় চলতি বছর ৫ কিলোমিটারের বেশি খাল খনন করা হয়। আর খননকৃত খাল পাড়ে সরকার ঘোষিত কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফল, বনজ ও ঔষধি চারাগাছ রোপন করা হয়। সম্প্রতি খালপাড়ে রোপনকৃত বৃক্ষগুলো নিধন করে ফসলি ক্ষেত বানাচ্ছেন স্থানীয় কিছু চাষীরা। স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট দপ্তর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি করে তাদের দ্বায়িত্ব শেষ করেছেন। সেখানে যথাযথ তদারকির অভাবে অল্প দিনের মধ্যেই রোপিত বৃক্ষ গুলো উধাও হয়ে যাচ্ছে।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত চলতি বছরের এপ্রিল মাসে খাল খননের আওতায় উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের নন্দনপুরের সন্ধ্যা নদী হতে কান্তার বিলের হোজা নদী পর্যন্ত ৫ কিলো ৩৮৯ মিটার খাল খনন করা হয়। আর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে প্রায় চার হাজার বিভিন্ন প্রজাতির ঔষধি ফলজ ও বনজ চারা রোপন করা হয়।
গত ১৩ ই নভেম্বর কান্তার বিল এলাকায় অবস্থিত খাল খনন প্রকল্প ঘুরে দেখা গেছে, বেশিরভাগ খালপাড় এলাকায় সরকারিভাবে রোপনকৃত বৃক্ষচারা গুলো নেই। স্থানীয় কিছু লোকজন খালপাড়ের ওই স্থানগুলোতে চাষাবাদ করার প্রস্তুতি নিয়েছেন।
স্থানীয় এলাকাবাসী মনিরুল ইসলাম ও জাবেদ আলী বলেন, খাল খননের পর সরকারিভাবে খালপাড় গুলোতে নানা প্রজাতির গাছের চারা রোপন করা হয়। খালপাড় সংলগ্ন জমির মালিকরা সেই বৃক্ষগুলো নিধন করে তাদের ফসলি খেত বানিয়েছেন। তারা বলেন, সংশ্লিষ্ট দপ্তরের লোকজন বৃক্ষরোপনের পর থেকে সেখানে আর তারা দেখভাল করে না। যার কারণে স্থানীয় কৃষকরা ওই খালপাড়ের বেশিরভাগ স্থানগুলো দখল নিয়ে তাদের চাষাবাদ এর উপযোগী করে তুলেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আখতার বলেন, আমাদের দপ্তরের অধীনে খননকৃত খালপাড়ে প্রায় ১ হাজার ৫০০টিরও অধিক নানা প্রজাতির বৃক্ষচারা রোপন করা হয়েছে। তবে কয়েকটি স্থানে কিছু বৃক্ষ ছাড়া মারা গেছে এবং নিধন করা হয়েছে। আমরা বিষয়টি মাঠ পর্যায়ে দেখে এসেছি। সেগুলো স্থানে আমরা পুনরায় চারা রোপন করব।
এ বিষয়ে ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন বলেন, স্থানীয়দের তথ্যমতে শুনেছি খালপাড়ের রোপণকৃত বৃক্ষ গুলো নিধন করা হয়েছে। সাথে সরজমিনে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আর বৃক্ষ নিধনের সাথে জড়িত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।
উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী বলেন, আমাদের দপ্তরের অধীনে রোপনকৃত এক হাজার ৪৫০ টি বৃক্ষচারাগুলো স্ব-স্ব অবস্থানে রয়েছে। আর বৃক্ষগুলো দেখভাল করার জন্য দপ্তরের উপ-পরিদর্শকরা মাঝেমধ্যেই খোঁজখবর রাখছেন। তবে অন্য দপ্তরে রোপনকৃত বৃক্ষ গুলোর বিষয়ে আমার কিছু জানা নেই।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত সালমান খাল পাড়ে রোপনকৃত বৃক্ষ নিধনের বিষয়টি স্বীকার করে বলেন, কয়েকটি স্থানে স্থানীয় চাষীরা খালপাড়ে পিঁয়াজ রসুন রোপন করতে কিছু গাছের চারা নিধন করেছেন। সে স্থানগুলোতে ওই চাষিদের পুনরায় বৃক্ষ রোপন করার জন্য বলা হয়েছে। তবে তারা রোপন না করলে আমাদের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে পুনরায় সেখানে বৃক্ষরোপণ করা হবে।


