ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : অগ্রহায়ণের মাঝামাঝি সময়ে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের মাঠে মাঠে এখন পাকা আমন ধান কাটার কথা। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা কয়েক দিনের অসময়ের বৃষ্টি আর দমকা হাওয়ায় সেই উৎসব থমকে গেছে। পাকা ধান ঘরে তোলার ঠিক আগমুহূর্তে মাঠেই নুয়ে পড়ছে। ভিজে নষ্ট হচ্ছে কেটে রাখা ধান। দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার হাজারো কৃষকেরা।
গতকাল শনিবার সকালে সরেজমিনে উপজেলার চান্দাইকোনা, ধানগড়া, পাঙ্গাশী, ব্রহ্মগাছা, ধামাইনগর ও সোনাখাড়া ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, নিচু জমিতে পানি জমে আছে। কোথাও দাঁড়িয়ে থাকা পাকা ধান হেলে পড়ে পানিতে ডুবে আছে, কোথাও কেটে রাখা ধানের আঁটি বৃষ্টিতে ভিজে আছে। টানা মেঘলা আকাশ আর রোদের অভাবে সেই ধান শুকিয়ে ঘরে তোলা যাচ্ছে না। এতে ধানের রং নষ্ট হওয়া, অঙ্কুরোদগম হওয়া ও পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ধানগড়া ইউনিয়নের এক কৃষক বলেন, “সারা বছরের পরিশ্রমের ফসল এখন মাঠে। ধান কেটে রেখেছিলাম, ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ বৃষ্টি এসে সব এলোমেলো করে দিল। কাটা ধান ভিজে গেলে শুধু ফসলের ক্ষতি নয়, পুরো বছরের সংসারই ঝুঁকিতে পড়বে। গ্রামপাঙ্গাসীর আরেক কৃষক বলেন, “পাকা ধান কাটছিলাম। বৃষ্টির পর জমে থাকা পানির ওপর অনেক ধান হেলে পড়েছে। এত কষ্ট করে ফসল ফলানোর পর শেষ সময়ে এসে এমন বিপদে পড়তে হবে, কল্পনাও করিনি। এখন একটাই চাওয়া, আবহাওয়া দ্রুত ভালো হোক, রোদ উঠুক।
কৃষকেরা জানান, এবার রায়গঞ্জে আমনের ফলন বেশ ভালো হয়েছিল। জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও শ্রমিকের পেছনে বিঘাপ্রতি অনেক টাকা খরচ হয়েছে। এখন ধান কাটার মৌসুমে শ্রমিকের মজুরিও বেশি। এর মধ্যে বৃষ্টিতে ক্ষতি হলে উৎপাদন খরচ তোলা নিয়েই শঙ্কায় পড়তে হবে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে আরো জানা যায়, শুধু আমন নয়, ক্ষতির মুখে পড়েছে আগাম সরিষা, শীতকালীন সবজি ও মুড়িকাটা পেঁয়াজের জমিও। নিচু জমিতে পানি জমে থাকায় সবজির গোড়া পচে যাওয়া এবং বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও তথ্য সংগ্রহ করছেন। বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলে এবং দ্রুত জমির পানি নেমে গেলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হবে বলে আশা করছেন তারা। এই মুহূর্তে উপজেলার কৃষকেরা এখন আকাশের দিকে তাকিয়ে আছেন। বৃষ্টি থামলেই আবার মাঠে নামবেন তারা। কিন্তু প্রতিটি দিন দেরি মানেই ক্ষতির পরিমাণ বাড়া। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।



