ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন থেকে অবহেলিত ছিল রাজশাহীর পুঠিয়া তাহেরপুর বাজার সংলগ্ন হতে নলডাঙ্গা সড়কটি। প্রায় ৮ কিলোমিটার সড়কটি দুই উপজেলার হাজারো মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে সেই দুর্ভোগ লাগব হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে তাহেরপুর বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
উপজেলা নির্বাহী প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাহেরপুর বাজার হইতে নলডাঙ্গা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়ক আধুনিকায়ন কাজ শুরু হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নির্মাণ কাজটি করছেন। এতে ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৪২৮ টাকা। আর নির্মাণ কাজ শেষ হবে আগামী ২০২৮ সালের মার্চ মাসে।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, রাজশাহী জেলার নির্বাহী প্রকৌশলী আবু তাহের, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান মাস্টার, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আগত স্থানীয়রা বলেন, বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়তো। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, কৃষকের উৎপাদিত ফসল বাজারে নেওয়া চরম ভোগান্তি পোহাতে হতো।
বিশেষ করে তাহেরপুর, সাধনপুর, নলডাঙ্গাসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এই দুর্ভোগের শিকার হতেন।


