ধূমকেতু প্রতিবেদক, রাবি : নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রোববার সকালে দিবসটি একটি আনন্দ র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরে শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক রাকসু ভিপি নুরুল ইসলাম ঠান্ডু।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, যদি এই বাংলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না জন্মাত তাহলে এই স্বাধীন বাংলার উদ্ভব হতো কিনা সন্দেহ আছে। তিনি সাধারণ মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করতে শিখিয়েছেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু বাংলার সকল জনগণকে ঐক্যবদ্ধ করে পাকিস্তান স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীন বাংলার জন্ম দিয়েছেন। তিনি যে ৭ই মার্চে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে বাংলার সর্বস্তরের জনগণ সোচ্চার হয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আব্দুস সালাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক মুস্তাফিজুর রহমান আল আরিফ, নাট্যকার মলয় কুমার ভৌমিক, প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ড. লুৎফর রহমান, জনসংযোগ প্রশাসক ড. আজিজুর রহমান শামিম প্রমুখ।
এর পরে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, রাবি স্কুল ও শেখ রাসেল মডেল স্কুল শিক্ষার্থীদের জন্য অনলাইনে রচনা ও ৭ মার্চের বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।


