ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : করোনা ভাইরাসের প্রভাবে পাইকার না আসতে পারায় পান বিক্রয় করা নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। ক্রেতা না থাকায় পানির দামে পান বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। উৎপাদন খরচও উঠছে না বলেও চাষিরা জানান।
রাজশাহীর মোহনপুরে জেলার সবচেয়ে বেশি পান উৎপাদন হয়। পান চাষের জন্য আগে থেকে বিখ্যাত এ উপজেলা। পান চাষ লাভজনক হওয়ায় দিন দিন বৃদ্ধি হচ্ছে পান বরজ। কৃষি অফিসের তথ্যমতে, মোহনপুর উপজেলায় ১ হাজার ১ শত ৮০ হেক্টর জমিতে পান বরজ রয়েছে। পান বরজের সংখ্যা ১৪ হাজার ৪ শত। দেখতে ও স্বাদে ভালো হওয়ায় এই এলাকার পানের চাহিদা বেশি।
দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়ে থাকে এখানকার পান। প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট-বাজারে বসে পানের হাট। এসব হাট-বাজারে পান নিয়ে যান চাষিরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররাও আসেন পান কিনতে। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে পাইকারী ব্যবসায়ীরা না আসতে পারায় পান নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা।
মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের চাষি সাইদুুল ইসলাম বলেন, এ এলাকার মানুষের মূল পেশা পান চাষ। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে আমরা সংকটের মধ্যে আছি, হাটে পানের দাম নেই। পান বিক্রি করতে না পারায় পঁঁচে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে পান বিক্রিও করতে পারছি না।এতে করে উৎপাদন খরচই উঠছে না। ফলে বরজে যেসব শ্রমিক কাজ করছেন, তাদের মজুরিও ঠিকমতো দিতে পারছি না।’
মোহনপুর উপজেলার একদিল তলা হাটের পানের ক্রেতা জলিল জানান, দোকান পাট বন্ধ থাকায় আমরা মোকামে বেশি পান বিক্রি করতে পারছিনা। পানের আমদানি বেশি কিন্তু করোনা ভাইরাসের কারণে বাইরের পাইকাররা আসতে পারছেন না। ফলে চাহিদা কম। সেই কারণে পানের দামও কম।’
মোহনপুর উপজেলা কৃষি অফিসার রহিমা খাতুন বলেন, ‘উৎপাদন খরচ কম ও অন্যান্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় উপজেলায় পানের আবাদ দিন দিন বাড়ছে। দাম কম থাকলেও পানের বর্তমান অবস্থা ভালো, কৃষি অফিসের পক্ষ থেকে পানের বিভিন্ন সমস্যা নিরসনে কৃষকদের সব ধরনের পরামর্শ প্রদান করা হয়।


