ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান নির্বাহী কমিটির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সদস্য ভর্তির মাধ্যমে বিপুল টাকা আত্মসাতের বিচার এবং জিলা স্কুলে সাধারণ সভার দাবিতে সংগঠনের সিনিয়র সদস্য শহীদুল ইসলাম খোকন ও সামছুজ্জামান সামছুর নেতৃত্বে সোমবার সাধারণ সদস্যরা ইউনিয়ন কার্যালয়ে গণ-অনশন কর্মসূচি পালন করেন।
কর্মসূচি চলাকালে উপস্থিত বক্তারা বলেন, বর্তমান অবৈধ কমিটির নেতৃবৃন্দ বিগত ১০ বছর ধরে এ ইউনিয়নের আয়-ব্যয়ের হিসাব না দিয়ে আগামী ৭ অক্টোবর চার মাথা বাস টার্মিনালে সাধারণ সভা ডেকেছেন। আমরা বিতর্কিত স্থানে কোনোভাবেই সাধারণ সভা হতে দেবো না।
আমাদের দাবি বগুড়া জিলা স্কুল মাঠে সাধারণ সভা করতে হবে এবং বিগত ১০ বছরের আয়-ব্যায়ের হিসাব দিতে হবে। দাবির পক্ষে চার হাজারের অধিক সদস্য স্বাক্ষর করেছেন। সংবাদ সম্মেলন ও বগুড়া জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়েছে।
সংগঠনের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সদস্য সামছুজ্জামান সামছু, ইমরান হোসেন সুলতান, জাহিদুল ইসলাম, আলম হোসেন, আব্দুর রাজ্জাক, আসলাম হোসেন প্রমুখ।


