ধূমকেতু প্রতিবেদক, রাবি : করোনাকালে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আবাসন ও পরিবহন ফি মওকুফ, বিশ্ববিদ্যালয়ের মেডিকেলেই দ্বিতীয় ডোজের ব্যবস্থা করাসহ ৪ দাবিতে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের কাছে এ স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলো হলো, দীর্ঘদিন করোনায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পরেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে থেকে বিভিন্ন ধরনের ফি আদায় করা হচ্ছে যা অত্যন্ত অমানবিক। সুতরাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ও পরিবহনসহ সকল ফি সম্পূর্ণরূপে প্রত্যাহার করে দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি। ইতিমধ্যে যাদের কাছে হলের আবাসন ফি, পরিবহন ফি সহ বিভিন্ন ফি আদায় করা হয়েছে, তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।
এছাড়া মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও কোভিড-১৯ চিকিৎসার সুব্যবস্থা করতে হবে। সেই সাথে যে সকল শিক্ষার্থী ১ম ডোজ ভ্যাকসিন নিজ এলাকা গ্রহণ করেছে কিন্তু পরীক্ষার রুটিন প্রকাশের ফলে ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের পূর্বেই রাজশাহীতে অবস্থান করছে। যার ফলে তাদের ২য় ডোজ ভ্যাকসিন পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সে সকল শিক্ষার্থীদের ২য় ডোজ ভ্যাকসিনের ব্যবস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে করতে হবে।
অন্যদিকে পরীক্ষার রুটিন প্রকাশের ফলে অনেক শিক্ষার্থী রাজশাহীতে অবস্থান করছে এবং আবাসন সংকটের ফলে অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে। এমতাবস্থায় শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে স্বাস্থ্য বিধি মেনে বিশ্ববিদ্যালয়ের দ্রুত আবাসিক হল গুলো খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে এসময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


