ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বেদখল হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারের আকুতি জানিয়েছেন মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লা। উক্ত সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তিনি নির্যাতনের শিকার হয়ে আসছেন। একাধিক মিথ্যা মামলাও করা হয়েছে। মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার উপজেলার দক্ষিণ মৈনম গ্রামের মৃত বিরাজ উদ্দিন মোল্লার ছেলে।
পৈত্রিক সূত্রে পাওয়া তাঁর ভোগদখলীয় সম্পত্তি উদ্ধারসহ প্রতিপক্ষের নির্মিত স্থাপনা অপসারণে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তাঁর নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।
তিনি বলেন, মৈনম মৌজায় হেবা-এওয়াজ মূলে তিনি ৪৪ শতক জমির মালিকানা প্রাপ্ত হন। এ জমির একাংশ ভরাট দিয়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ ও অন্য অংশে পুকুর খনন করে মাছ চাষ করছেন। সম্প্রতি এ জমি দখল করে বসতঘর নির্মাণ করেন তাঁর সৎবোন রেজিয়া পারভীন ময়না।
তিনি অভিযোগ করে বলেন, তাঁর ভোগদখলীয় সম্পত্তি দখল করে নির্মিত বসতঘর প্রতিপক্ষরা রাতের অন্ধকারে নিজেরাই ভাঙচুর করে মিথ্যা মামলা দায়ের করেছে। বর্তমানে তিনি চরম অসহায় অবস্থায় রয়েছেন। বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারসহ মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের স্ত্রী জহুরা বিবি, ছেলে সবুর মোল্লা বাবু, পুত্রবধূ মুক্তা বিবিসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


