ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে কয়েকটি বিলে মাছ ধরা নিয়ে ইজারাদার ও স্থানীয় জেলেদের মাঝে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। বিশেষ করে রহনপুর ও রাধানগর ইউনিয়নের ছোট ও বড় বিল এবং আলীনগর ওবাঙ্গাবাড়ী ইউনিয়নের চূড়ইল বিলে মাছ ধরা নিয়ে নতুন করে এ দ্বন্দ্ব শুরু হয়েছে।
ফলে আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ, বাচ্চামারী, মকরমপুর, ইমামনগর, বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর কামাত, রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম, রাধানগর ইউনিয়নের বেগপুর, বিবিষনও জশৈল গ্রামের জেলেদের সাথে বিল ইজারাদারদের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। প্রতিবছর বর্ষা এলেই প্লাবনভূমি নিয়ে এ দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকাও দেখা দিয়েছে।
এরই মধ্যে একটি বিলের মালিকানা নিয়ে দ্বন্দ্ব নিয়ে ইজারাদারদের বিরুদ্ধে স্থানীয় জেলে ও কৃষকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনার প্রতিবাদ ও বিল লীজ নীতিমালার ২৬ নং ধারা বাস্তবায়নের দাবীতে স্থানীয় জেলে ও কৃষকরা সমাবেশ, মানববন্ধন ও জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনকে স্মারকলিপি প্রদান করে।
এদিকে, বিল লক্ষীপুর (ছোট ও বড়বিলের কিছু অংশ) মালিকানা বুঝে নিতে গিয়ে স্থানীয় লোকজনের সাথে ইজারাদারের বিরোধের কারণে থানায় একাধিক মামলা হয়েছে। সর্বশেষ শুক্রবার রাতে বেগপুর এলাকার জেলেরা ইজারাদারের লোকজনকে মারধর করে ইঞ্জিন চালিত ২টি নৌকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানান বিল ইজারাদার রফিক বিশ্বাস।
এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


