ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে স্বচ্ছতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগের জন্য বগুড়ার নন্দীগ্রামের বিভিন্ন বাজার এলাকায় নিয়োগ প্রক্রিয়া প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রচারণা করা হচ্ছে। নন্দীগ্রাম থানা পুলিশের আয়োজনে জনসাধারণকে সতর্ক করতে এ প্রচারণা চালানো হচ্ছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
শুক্রবার উপজেলার রণবাঘা বাজার, পন্ডিত পুকুর বাজার, চৌদিঘী বাজার ও বিজরুল বাজারে এই প্রচারণা করা হয়। আজ শনিবার কুন্দারহাটে প্রচারণা হয়েছে। পুলিশ কনস্টেবল নিয়োগ স্বচ্ছতার জন্য উপজেলার সব এলাকায় এই প্রচারনা করা হবে বলে জানায় থানা পুলিশ।
জানা গেছে, বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। ১০ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এ আবেদন প্রক্রিয়া চলবে ৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। এবার নতুন নিয়মে প্রিলিমিনারী স্ক্রিলিং, শারীরিক মাপ, লিখিত পরীক্ষা, মনস্তাত্তি¡ক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশেন ও স্বাস্থ্য পরীক্ষা, চূড়ান্তভাবে প্রশিক্ষনের অন্তরভুক্ত করন এ ৭টি ধাপ প্রেরিয়ে একজন প্রার্থী কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হবে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যারের প্রবর্তিত নতুন নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন করার লক্ষ্যে এই প্রচারণা।
নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান জানান, পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রত্যাশীরা যাতে দালাল ও প্রতারকদের খপ্পরে না পড়েন এবং নতুন নিয়োগ পদ্ধতি সবাই বুঝে সেই লক্ষ্যে প্রচারণা চলছে।


