ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা সোনাপুকুরিয়া হতে শামিমা আক্তার (২৩) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে রনবাঘা সোনাপুকুরিয়া গ্রামের আজিজুল হকের স্ত্রী।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে নিজ শয়ন ঘর থেকে শামিমার লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, কিছুদিন আগে একই গ্রামের রেহেনা নামের এক নারীর কাছে থেকে ছয় মাস বয়সী আব্দুল্লাহ নামের এক ছেলে সন্তানকে পালিত হিসেবে গ্রহণ করেন শামিমা আক্তার। রেহেনা তার সন্তানকে দেয়ার পাশাপাশি সন্তানের ভরন পোষণ বাবদ ৩০ হাজার টাকাও দেয় শামিমাকে। তিন মাস পর ওই সন্তানকে লালন পালন করতে পারবে না বলে জানান শামিমা। এতে রেহেনা ৩০ হাজার টাকাসহ আব্দুল্লাকে ফেরত চায়। শামিমা টাকা ফেরত দিবে না বলে জানায়।
মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বিকেলে রেহেনার বোন সফুরা বেগম শামিমার বাড়িতে গিয়ে টাকাসহ সন্তান ফেরত চান। এনিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে রেহেনার পরিবারের লোকজন শামিমার বাড়ি থেকে আব্দুল্লাকে নিয়ে চলে যায়। পরে নিজ শয়ন ঘরে শামিমা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এবিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


