ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে আধুনিক, সুন্দর, মাদক ও সন্ত্রাস মুক্ত একটি বাসযোগ্য উন্নত শহর হিসেবে গড়ে তুলতে চাই। কাজ করবো জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নে। চাঁপাইনবাবগঞ্জের নাগরিকদের উন্নত সেবা নিশ্চিতের মাধ্যমে পৌরসভাকে নতুন রুপে গড়ে তোলা আমার স্বপ্ন।
আাসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।
তিনি বলেন, আমি সবাইকে নিয়েই চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে কাজ করবো। আমরা ঐক্যবদ্ধভাবে একটি নবসূচনা করব এবং পৌরবাসীর প্রত্যাশিত যে শহর, তেমনি একটি উন্নত শহর গড়ার লক্ষ্যে সততা, নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে কাজ করব। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে।
পৌরবাসীর স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী সামিউল হক লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে চান। সেই উন্নত বাংলাদেশ গড়তে উন্নত পৌরসভা বিনির্মাণ করা আবশ্যক। নাগরিকদের চাহিদা অনুযায়ী সব ধরনের সেবা নিশ্চিত করতে চাই। শত বছরের ঐতিহ্যবাহী এ পৌরসভার নাগরিকরা তাদের সুযোগ-সুবিধা চাহিদা অনুযায়ী না পাওয়ার অভিযোগ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মানুষ এখনও অবহেলিত। তাদের মৌলিক সুবিধাগুলো তারা এখনও পাচ্ছে না। জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি এলাকাবাসীকে সাথে নিয়ে জনগণের কল্যাণে কাজগুলো করতে পারবো।
তিনি বলেন, সরকারের ২০৪১ উন্নয়ন মহাপরিকল্পনাকে সামনে রেখে পৌরবাসীর কল্যাণে একটা পরিকল্পনা করতে চাই যাতে টেকসই শহর উন্নয়নের মাধ্যমে জনগণের চাহিদা পূরণ হয়। সর্বপরি দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক সেবা, সামাজিক ও মানবিক মূল্যবোধ, মানবাধিকার রক্ষা এবং ঐতিহ্য ও আধুনিকতার সম্মিলনে মাদকমুক্ত, দূষণমুক্ত, মশা ও জলাবদ্ধতা মুক্ত, ভারসাম্যমূলক ও পরিবেশ সম্মত, বসবাসযোগ্য এক আধুনিক শহর গড়ার তথা বলেন সামিউল হক লিটন।
তিনি আরও বলেন, পরিকল্পনায় রয়েছে নাগরিক সেবা, নাগরিক বিনোদন, যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন, নাগরিক স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা, পরিবেশ উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, সমাজসেবা কার্যক্রম, জননিরাপত্তা ব্যবস্থা, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা। এছাড়াও গণশুনানির মাধ্যমে পৌরবাসীর সাথে আলোচনা সাপেক্ষে তাদের মতামতের ভিত্তিতে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হবে। হোল্ডিং ট্যাক্স সেক্টরকে সব ধরনের দুর্নীতিমুক্ত করা হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধণ সনদ পেতে যে জটিলতা রয়েছে সেটির সমাধান করা হবে। এছাড়াও সব ধরনের সেবা তাৎক্ষণিক দিতে দ্রুত জবাবদিহিতামূলক ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে বলেও জানান সামিউল হক লিটন।


