ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বিষধর সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার সকালে নিজ বাড়িতে মাটির কাজ করার সময় বিষধর সাপে তাঁকে কামড় দেয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মারা যান তিনি।
মৃত ব্যক্তির নাম আনিছুর রহমান (৪০)। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বালুকা গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে।
মৃতের ছেলে রনি জানান, পুরাতন মাটির বাড়ি ভেঙে সেখানে নতুন করে ঘর নির্মাণের কাজ চলছে। ভেঙে দেওয়া মাটিতে পানি দিয়ে কাদা তৈরির কাজ করছিলেন বাবা আনিছুর রহমান। এ সময় মাটির ভেতরে থাকা বিষধর একটি সাপ তাঁকে কামড় দেয়। এরপর একটি মাইক্রোবাসে তাঁকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তেঁতুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।
এ প্রসঙ্গে মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায় বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ‘এন্টিভেনাম’ এর সরবরাহ নেই। তাছাড়া এ চিকিৎসায় আইসিইউ সাপের্ট প্রয়োজন হয়। এ কারণে সাপে কাটা রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হয় না।


