ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার ভাটরা ইউনিয়নের গ্রামধুমা গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৫ টায় গ্রামধুমা গ্রামের ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী বাড়িতে একাই ছিলো। ওই সুযোগে একই গ্রামের তছলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩০) মাদ্রাসাছাত্রীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা চালায়।
তখন মেয়েটি চিৎকার করলে তার ফুফু তাছলিমা খাতুনসহ আশপাশের লোকজন এগিয়ে আসে। সেসময় আনোয়ার হোসেন দ্রুত পালিয়ে যায়। পরে সন্ধ্যারদিকে তার পিতা-মাতা বাড়িতে ফিরে আসলে তাদের ওই ঘটনার কথা খুলে বলে। এরপর রাতে মেয়েটির পিতা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার একটি লিখিত অভিযোগ দায়ের করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


