ধূমকেতু নিউজ ডেস্ক : পাবনায় চলন্ত ট্রাকের ধাক্কায় আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস টেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’। ট্রেনটি পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে পৌঁছালে একটি চলন্ত ট্রাক ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়।
খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।
ট্রাকচালক ভেবেছিলেন ট্রেনটি আসার আগেই পার হয়ে যেতে পারবেন। তখনই ট্রাক ও ট্রেনের সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, গেটম্যান রেলক্রসিংয়ের ক্রসবার নামাননি বলে দুর্ঘটনাটি ঘটে । ট্রাকচালক সম্ভবত রাতভর গাড়ি চালানোয় ক্লান্তিতে ঝিমাচ্ছিলেন। ট্রেন আসছে খেয়াল না করেই গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়েছি। ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হওয়ায় রাস্তার দুই পাশে যানজট তৈরি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।’
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, অল্প সময়ের মধ্যে বিকল্প ইঞ্জিন দিয়ে আমরা ট্রেনটি চালানোর ব্যবস্থা করবো। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হবে।


