ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ঘরের তীরের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী সবুজ হোসেন পলাতক রয়েছেন।
মৃত গৃহবধূর নাম আয়েশা আক্তার (১৮)। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের সবুজ হোসেনের স্ত্রী ও রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, উপজেলার দাসপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সবুজ হোসেনের সঙ্গে প্রায় ১ বছর আগে রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে আয়েশা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ লেগে ছিল। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী আয়েশা আক্তারকে নির্যাতন করতেন স্বামী সুবজ হোসেন।
মৃতের বাবা আশরাফুল ইসলাম বলেন, বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে মেয়ে আয়েশা আক্তারকে নির্যাতন করছিল জামাই সবুজ হোসেন। এসবের জের ধরেই মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ঘরের তীরের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় গৃহবধূ আয়েশা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। সুরুতহাল প্রতিবেদন তৈরিসহ ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


