ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় রাস্তা পারপারের সময় ভটভটির চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম সালেহা বিবি (৬৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের সাহাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত সালেহা বিবি শনিবার সকালে একটি ছাগল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে জয়পুরহাটগামী একটি ভটভটি তাঁকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহতের ছেলে ইব্রাহিম হোসেন জানান, মা সালেহা বিবি শনিবার সকালে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মহাসড়কের উত্তরপাশে নিয়ে যাচ্ছিলেন। রাস্তায় উঠার পরপরই তিনি দুর্ঘটনার শিকার হন।
মান্দা থানার উপ-পরিদর্শক আব্দুল মোমিন জানান, নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তরসহ দুর্ঘটনা কবলিত ভটভটি হেফাজতে নেওয়া হয়েছে।


