ধূমকেতু নিউজ ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় পিউবলা সিটিতে মহাসড়কে দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার এ ঘটনায় আরও তিনজন আহত হন। কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানিয়েছে।
এদিন দুপুরের দিকে একটি পণ্যবাহী ট্রাক হাইওয়ের একটি টোল বুথের কাছে বেশ কিছু গাড়িতে ধাক্কা দেয়। এতে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।
মেক্সিকোর ফেডারেল হাইওয়ে অথরিটি ক্যাপুফি এক বিবৃতিতে জানায়, ‘টোল বুথ অতিক্রম করার সময় ট্রাক ছয়টি গাড়ি টেনে নিয়ে যায়। এতে ১৯ জনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চালকও রয়েছেন।’
এ ঘটনায় আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। ক্যাপুফি জানায়, দুর্ঘটনায় পতিত যানবাহন অপসারণের জন্য মহাসড়কের ওই অংশে ট্রাফিক চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ ছিল।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ট্রাকের থাক্কায় আগুন লেগে হাইওয়েতে ওই গাড়িগুলো পুড়ে গেছে।


