ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে বহুল আলোচিত সন্ত্রাস, চাঁদাবাজ বিরোধী সামাজিক সংগঠন লাঠি বাঁশির ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮টায় শহরের সোনারপট্টি এলাকায় কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, লাঠিবাঁশি’ সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুস সালাম, সদস্য দুদু মিয়া, মনিমুল হক, অধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা।
এসময় লাঠিবাঁশির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম বলেন, ২২ বছর আগে সন্ত্রাস চাঁদাবাজি থেকে ব্যবসায়ীরা লাঠিবাঁশি সমিতির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সকল অপকর্ম রুখে দিয়েছিল। এই কার্যক্রমে ব্যবসায়ীরা একতাবদ্ধ হয়েছিল। পরবর্তীতে ২০০০ সালের ৬ মে সন্ত্রাসীরা স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত হয়ে লাঠি-বাঁশি কমিটির স্টেশন বাজার কার্যালয়ে হামলা করে। সন্ত্রাসীদের গুলিতে সেদিন কিশোর শ্রমিক মোহন ঘটনাস্থলে নিহত হন। এছাড়া শতাধিক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। মোহনের মৃত্যুতে নাটোরবাসী ফুঁসে ওঠেন।
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা পিছু না হটে সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে সফল হন। পরে রাজনৈতিক নানা সমিকরণে লাঠিবাঁশির কার্যাক্রম স্তিমিত হয়ে পড়ে। সেসময় সারাদেশের পাশিপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও নাটোরের সাধারণ ব্যবসায়ীদের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এই আন্দালন ব্যাপক প্রশংসিত হয়। আবার লাঠিবাঁশির কার্যক্রম সচল করা হবে বলে ঘোষণা দেন তিনি।


