ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্প’ সিনেমাটি আগামী ১৭ ডিসেস্বর মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির মুক্তি ঘিরে ইতোমধ্যে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার শুরু করেছে সংশ্লিষ্টরা।
শুক্রবার (১৯ নভেম্বর) সিনেমার ‘আই বিড্ডা ইধি না আড্ডা’ শিরোনামের একটি গান ইউটিউবে ‘অদিতি মিউজিক’ চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা প্রশংসা করছেন অভিনেতার।
গানটি প্রকাশের ২৪ ঘণ্টা না হতেই ইতোমধ্যে ভিউয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ২৯ হাজারেরও বেশি। আর মন্তব্যের ঘরে সিনেমাপ্রেমীরা বলছেন, আক্রমণাত্মক চেহারা ও অভিব্যক্তিতে নৃত্যের ধাপ। কেউ বলছেন, আল্লু একজন সত্যিকার অর্থেই মেধাবী অভিনেতা।
‘পুষ্প’র কাহিনী ‘লাল চন্দন চোরাচালান’কে কেন্দ্র করে। এতে অর্জুনকে লরি চালক-কাম-চোরাচালানীর চরিত্রে দেখতে পাবেন অনুরাগীরা। দুই ভাগে নির্মাণ করা হয়েছে সিনেমাটি।
সুকুমার পরিচালিত ‘পুষ্প’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা। আর এতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, জগপতি বাবু, হরিশ উথামা, ভ্যানিলা কিশোর, অনুসূয়া ভরদ্বাজ প্রমুখ।
সিনেমাটি তেলুগু, মালয়ালাম, তামিল, কন্নড় এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।


