ধূমকেতু নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেয়ার খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তার নিজ জেলা জামালপুরের আওয়ামী লীগের নেতারা।
এই খবর পাওয়ায় সোমবার রাতেই দলীয় পদ থেকেও অব্যহতি দেয়ার সিদ্ধাস্ত নেন জেলা আওয়ামী লীগ। সোমবার রাতে দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদ থেকে অব্যহতি দিতে জরুরি সভা আহবান করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। ডা. মুরাদ হাসান জামালপুর ৪ (সরিষাবাড়ি) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডা. মুরাদকে পদত্যাগের নির্দেশ দেয়ায় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. বাকী বিল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন বা কাউকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার এখতিয়ার রাখেন। তিনি ডা. মুরাদকে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের যে নির্দেশ দিয়েছেন আমি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সে সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করি।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী বলেন, ‘মুরাদ হাসানের আচরণ লজ্জাজনক ও দুঃখজনক।’ তাকে দলীয় পদ থেকে অব্যহতি দিতে জেলা আওয়ামী লীগ আজ মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে জরুরি সভা আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।
সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছানোয়ার হোসেন বাদশা বলেন, ‘প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এই সিদ্ধান্তে সরিষাবাড়ী আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দিত।’
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগের খবর জামালপুরের সর্বস্তরের মানুষের মধ্যেও খুশি ও আনন্দের বন্যা বয়ে যায়। কোথাও কোথাও মিষ্টি বিতরণের খবরও পাওয়া গেছে।


