ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে হাটে অবৈধভাবে পাখি ক্রয়-বিক্রয় হচ্ছে এমন খবরের ভিত্তিতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অভিযানে বেশ কিছু দেশী প্রজাতির পাখি জব্দ করা হয়েছে।
রোববার সকালে টঙ্গীর পাখি বাজারে এই অভিযান চালানো হয়। উদ্ধার করা পাখির মধ্যে ছয়টি কালিম, সাতটি টিয়া ও পাঁচটি শালিক রয়েছে।
পাখির হাট থেকে দেশি প্রজাতির পাখি জব্দ করে মীরপুর বোটানিকাল গার্ডেনে অবমুক্ত করেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ এবং অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা।
এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা জানান, টঙ্গী বাজারে অবৈধভাবে পাখি ক্রয়-বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা অভিযান চালায়। তবে অভিযানের বিষয় টের পেয়ে পাখি ফেলে রেখেই বিক্রেতারা পালিয়ে যায়। পরবর্তীতে জব্দ করা পাখি দুপুরে ঢাকার মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে মুক্ত করা হয়েছে। দেশীয় পাখি পালন করা, ধরা এবং ক্রয়-বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ ও শাস্তিযোগ অপরাধ। কোথাও অবৈধভাবে পাখি কেনাবেচা হলে আমাদের অবহিত করলে আমরা ব্যাবস্থা গ্রহণ করবো।


