ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আইনের দোহাই দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। খালেদা জিয়াকে শুধু দলের নেতাকর্মীরা নয়, দেশের সাধারণ মানুষও ভালোবাসে। সরকারের অবহেলায় খালেদা জিয়ার কোনো অঘটন ঘটলে দলের নেতাকর্মীরা, সাধারণ মানুষেরা সারাদেশ অচল করে দেবে, কারও হুকুমের দরকার পড়বে না মুক্তকামী জনতার।
শুক্রবার বিকেলে জামালপুরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন করার জন্য সার্চ কমিটির নামে রসিকতা করা হচ্ছে। যে পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ সরকার না হবে, যাকে নিয়েই নির্বাচন কমিশন বানান তাতে কোনো লাভ হবে না। জনগণ আর এ দেশে ভোটারবিহীন নির্বাচন হতে দেবে না।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানান। এর আগে সমাবেশস্থলে মিছিল নিয়ে যোগ দেয় দলের নেতাকর্মীরা।


