ধূমকেতু নিউজ ডেস্ক : অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর দল বিকল্পধারা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপের ডাক পেয়েছে। আগামী রোববার দলটি বঙ্গভবনে সংলাপে অংশ নেবে। নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে এ ডাক পেয়েছে দলটি।
শুক্রবার বি. চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে আগামী ২ জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে সংলাপে বসছে বিকল্পধারা বাংলাদেশ-এর ৭ সদস্যের প্রতিনিধি দল। যাতে নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।
আবদুল মান্নানের নেতৃত্বে দলের দলের অন্য যারা থাকবেন তারা হলেন- বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী, মাজহারুল হক শাহ চৌধুরী, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী, সাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক ও যুগ্ম মহাসচিব এনায়েত কবির।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন (ইসি) গঠনে গত বছরের ২০ ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনা দিয়ে এ সংলাপের প্রক্রিয়া শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


