ধূমকেতু প্রতিবেদক : করোনা মহামারী প্রতিরোধে গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ২৩ দফা নির্দেশনা দিয়ে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।
সরকারী বিধিনিষেধ ও লকডাউন অমান্য করে ৩৭ জন যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে যমুনা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক আটক করেছে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
রোববার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা মোড় চেকপোস্টে তল্লাশী চালিয়ে ঢাকা মেট্রো-ট ৪৩৪২ নম্বর ট্রাকটি আটক করা হয়। তবে এ ঘটনায় ট্রাকের চালক বা কোন যাত্রীকে আটক করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত্রী আনুমানিক সোয়া ১২ টার দিকে চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক নগরীর কাশিয়াডাঙ্গা চেকপোস্টের কাছে পৌঁছালে ট্রাকটিতে তল্লাশী চালায় পুলিশ। এসময় ট্রাকের তীরপালের ভেতরে পণ্যের বদলে ৩৭ জনকে পাওয়া যায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর ঘটনাস্থল থেকেই ট্রাকের চালকসহ যাত্রীদের ছেড়ে দেওয়া হয়।
যাত্রীরা জানান, করোনা প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সব ধরনের গণপরিবহণ বন্ধ থাকায় চাপাইনবাবগঞ্জ থেকে যমুনা ঘাটের উদ্দেশ্যে ট্রাকেই রওনা হয়েছি।
কাশিয়াডাঙ্গা থানার ডিউটি অফিসার এএসএ রিফাতুল ঘটনার সত্যতা নিশ্চিত করে ধূমকেতু নিউজকে জানান, রাজশাহীর কাশিয়াডাঙ্গা মোড়ে পুলিশের চেকপোস্ট চলাকালে একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশী চালিয়ে মালের পরিবর্তে ৩৭ জন যাত্রীকে পাওয়া যায়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে, যার নম্বর- ঢাকা মেট্রো-ট ৪৩৪২। তবে ট্রাকের চালক বা অন্যান্য যাত্রীদের কাউকেই আটক করা হয়নি বলেও জানান তিনি।


