ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাণিজ্যিকভাবে চাষাবাদ না হলেও মুগ্ধতা ছড়াচ্ছে ভাঁট ফুল। ডালের শীর্ষে পুষ্পদন্ডে ফোটা এই ফুলের রয়েছে মিষ্টি সৌরভ। গ্রামের মেঠো পথের ধারে, পুকুর পাড়ে কিংবা পতিত কোন জমিতে কোনরূপ যত্ন ছাড়াই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে ভাঁট। গ্রামবাংলার অতি পরিচিত একটি বুনো উদ্ভিদ, ভাঁট, ভাইট, বনজুঁই বা ঘেটু। দেখতে কিছুটা পানপাতার আকৃতির ও খসখসে।
বসন্ত থেকে গ্রীষ্ম অবধি ফুল ফোটে। ফুল ফোটার পর মৌমাছিরা ভাঁট ফুলের মধু সংগ্রহ করে। পাপড়ির রং সাদা এবং এতে বেগুনি রঙের মিশেল আছে। ভাঁট গাছের প্রধান কান্ড সোজাভাবে দন্ডায়মান। লম্বা ২ থেকে ৪ মিটার। পাতা ৪ থেকে ৭ ইঞ্চি লম্বা।
জীবনানন্দ দাশের একটি কবিতায় ভাঁট গাছের প্রসঙ্গ এসেছে,
“ভাঁট আঁশ শ্যাওড়ার বন, বাতাসে কী কথা কয় বুঝি নাকো, বুঝি নাকো চিল কেন কাঁদে,
পৃথিবীর কোনো পথে দেখি নাই আমি হায়, এমন বিজন”।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাঘা উপজেলা অফিসার কৃষিবীদ শফিউল্লাহ সুলতান বলেন, ভাঁট গাছ ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। এছাড়াও সনাতন ধর্মালম্বীরা ভাঁট ফুল দিয়ে ভাঁটি পূজার আয়োজন করে থাকে। হাওড়, খাল-বিল না থাকার কারণে ভাঁট গাছ আগের মতো জন্মায় না। বসন্ত থেকে গ্রীষ্ম অবধি ফুল ফোটে মিষ্টি সৌরভ ছড়ানো ভাঁঁট ফুলের চারিদিকে গুনগুন করতো মৌমাছির দল।


