ধূমকেতু নিউজ ডেস্ক : সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে বাধ্যতামূলক ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এর ফলে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হচ্ছে না সাকিবের।
বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
সাকিবের চাওয়া অনুযায়ী বিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জালাল ইউনুস।
তিনি জানান, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেয়া হয়েছে। সাকিব বিশ্রাম চেয়েছে বলেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনার পর নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।
জালাল ইউনুস আরও জানান, সাকিব কোনো ফরম্যাটে এখন খেলতে ইচ্ছুক নন বলে আমাদের জানিয়েছেন।
এদিকে দক্ষিণ আফ্রিকায় খেলতে যেতে চান না বলে তিনদিন আগে দুবাই যাওয়ার পথে সাংবাদিকদের জানিয়েছেন সাকিব আল হাসান।


