ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম আমজাদ (৩৫)।
তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন আলতাদীঘি গ্রামের খাজামুজিম উদ্দিনের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন আমজাদ। এসময় ভোগড়া বাইপাস থেকে শ্রীপুরের মাওনাগামী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় মহাসড়কে পড়ে গেলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন আমজাদ।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


