ধূমকেতু নিউজ ডেস্ক :ঈদের ছুটিতে বাড়ি গিয়ে মনোহরদী পৌর শ্মশান ঘাট সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ঢাকা রেসিডেন্সিয়ালের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়। প্রায় আড়াই ঘণ্টা পর নদের বুক থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে। মৃত শিক্ষার্থী বর্ষন দাস (১৭) মনোহরদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক বলাই দাসের ছেলে ও পৌর শহরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।
এলাকাবাসী জানান, মনোহরদী পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা বর্ষন দাস শনিবার দুপুর ১টার দিকে পুরাতন ব্রম্মপুত্র নদে গোসল করতে নামে। ৩/৪ সঙ্গীর সাথে মনোহরদী শ্মশান ঘাট সংলগ্ন স্থানে গোসলের সময় হঠাৎ সেখানে নদীতে তলিয়ে যায় সে। তার সঙ্গীদের ডাকচিৎকারে লোকজন ছুটে এসে তাকে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় আড়াই ঘন্টা খোঁজাখুঁজি শেষে বেলা সাড়ে ৩টার দিকে ব্রহ্মপুত্রের বুক থেকে স্থানীয় লোকজন তার অচেতন দেহ উদ্ধার করে।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। মৃত বর্ষন দাস এ বছর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলো বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। ঈদের ছুটিতে বাড়ি এসে ব্রম্মপুত্রে গোসলে নেমে তার এ পরিনতি ঘটে।
মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন জানান, মাত্রই তার অচেতন দেহ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। চিকিৎসকের ঘোষণা পেলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।


