ধূমকেতু নিউজ ডেস্ক : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের মূল্য বৃদ্ধি ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাম ঐক্য ফ্রন্ট।
শুক্রবার (২ এপ্রিল) ফ্রন্টের সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক কমরেড নাসির উদ্দীন আহম্মদ নাসু, বাসদ (মাহবুব) আহ্বায়ক কমরেড সন্তোষ গুপ্ত, সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক কমরেড সারওয়ার মোর্শেদ ও কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক কমরেড ঈমাম গাজ্জালীর দেয়া এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘করোনার কারণে ইতোমধ্যে অসংখ্য মানুষ কাজ হারিয়েছে, নতুবা আয় কমেছে। নতুন করে দ্বিগুণ গতিতে করোনা বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্য।’
তারা আরও বলেন, ‘এই সময়ে সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়াবে নিত্যনতুন কাজের সুযোগ সৃষ্টি করবে তা করে উপরন্তু টিসিবির পণ্যের দাম ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করেছে। সব ক্ষেত্রে সরকারের এ ধরনের অপরিপক্ব ফ্যাসিবাদী ও ধনী তোষণের নীতি দেশ ও জনগণকে আর ও সংকটাপন্ন করে তুলছে।’


