ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত শিক্ষার্থীর বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।
বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া।
তিনি বলেন, তার স্বামী ও শ্বশুর বাড়ির মানুষ এটাকে আত্মহত্যা বললেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। মেঘলার বাবা মঙ্গলবার রাতে বাদী হয়ে হত্যা মামলাট দায়ের করেছেন। মামলায় তিন জনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন- ইলমার স্বামী ইফতেখার আবেদীন, ইলমার শ্বশুর ও শাশুড়ি।
নুরে আজম মিয়া বলেন, নিহতের স্বামী ইফতেখার আবেদীনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেল ৪টার দিকে বনানীতে স্বামীর বাসায় ঢাবি নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার মৃত্যু হয়। মৃত্যুর পর মেঘলাকে গুলশান ইউনাইটেড হসপিটাল লিমিটেডে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মেঘলার মা সিমথি চৌধুরী বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই বলে কান্নায় ভেঙে পড়েন।
মেঘলার আরেক সহপাঠী মর্জিনা নাসরিন মুমু বলেন, আমাদের প্রথমে জানানো হয়েছে তিনি (মেঘলা) আত্মহত্যা করেছেন। কিন্তু আমরা হাসপাতালে গিয়ে দেখি তার শরীরে মারধরের আঘাত রয়েছে।


