ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্ত্রী হত্যার অভিযোগে বৃহস্পতিবার রাতে স্বামী গ্রেপ্তার হয়েছে। উপজেলার পল্লী বিদ্যুৎ মন্ডলপাড়া এলাকার আনোয়ার মণ্ডলের বাড়িতে ওই ঘটনা ঘটে।
নিহত আকলিমা আক্তার (২২) হলো ভোলা সদর উপজেলার রামদাসপুর গ্রামের মাহবুব আলমের মেয়ে। গ্রেপ্তারকৃত আকবর আলী একই গ্রামের আমির হোসেনের ছেলে।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান মনির জানান, স্বামী-স্ত্রী গত ৫ মে ঢাকার মিরপুর থেকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার আনোয়ার মণ্ডল এর বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে তারা বসবাস শুরু করেন। স্ত্রী একজন পোশাক কর্মী তার স্বামী কাঁচা মাল ব্যবসায়ী।
বাড়ির মালিকের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী ঘুমন্ত স্ত্রী আকলিমাকে শিলপাটা দিয়ে মাথায় আঘাত করেন। এ সময়ে আকলিমা জেগে উঠলে স্বামী আকবর আলী আবার গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনাটি বাড়ির মালিক আনোয়ার মণ্ডল জানতে পেরে আকবর আলীকে আটক করেন। রাতেই পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে স্বামী আকবর আলীকে আটক করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


