ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : নীলফামারী জেলার ডিমলায় তিস্তা সেচ ক্যানেল থেকে শাহীন হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার (১৩ জুন) বিকেল ৩টায় উপজেলার তুহিন বাজার এলাকায় তিস্তা সেচ ক্যানেলের স্লুইস গেটে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।
শাহীন উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজার এলাকার নুরুজ্জামানের ছেলে।
সে নাউতারা স্কুলের দশম শ্রেণীর ছাত্র। বাবা-মা ঢাকায় থাকায় সে নানীর কাছে থাকেন।
এলাকাবাসী জানায়, বিকেলে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলে সাতজন বন্ধু মিলে গোসল করতে নামে শাহীন।
গোসলের সময় ব্রীজ থেকে সাত বন্ধু একসাথে লাফ দেয় পানিতে। ছয় জন সাঁতরে পাড়ে আসলেও শাহীন স্রোতের টানে তলিয়ে যায়।
ডিমলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি।
সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান না পেয়ে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে দূরে লাশটি উদ্ধার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।


