ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ট্রাকের পেছনের ডালা মাথায় পড়ে সাব্বির (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ৩ নম্বর গেটে এ দুর্ঘটনা ঘটে।
সাব্বির শিবগঞ্জ উপজেলার শিয়ালামারা গোয়ালপাড়ার এলাকার দানেশের ছেলে। তিনি লোড-আনলোডের পর পড়ে যাওয়া পণ্য কুড়িয়ে দিতেন।
সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, সন্ধ্যার সময় বাংলাদেশি ট্রাকের পেছনের ডালা ফেলার সময় সাব্বিরের মাথায় আঘাত লাগে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।


