ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে নুসরাত হোসেন (৫৬) নামে এক নৌকার মাঝির লাশ উদ্ধার করেছে থানাপুলিশ।
শুক্রবার (৭ অক্টোবর) রাতে উপজেলার ক্ষুদ্র বিশা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নুসরাত ক্ষুদ্র বিশা গ্রামের মৃত মোহম্মদ আলীর ছেলে।
নুসরাতের চাচাতো ভাই সাখাওয়াত হোসেন সাকান বলেন, নুসরাত এলাকার উদয়পুর খালে নৌকা দিয়ে যাত্রী পারা পার করার জন্য বিকেলে ঘাটে যায়। এর পর রাত অনুমান সাড়ে ৮টা পার হলেও বাড়ীতে ফিরে না আসায় তাকে খোঁজা-খুজি করতে থাকে পরিবারের লোকজন। এসময় বাড়ীর অদুরে রাস্তার পার্শ্বে মৃত্যু অবস্থায় পরে থাকতে দেখে। খবর পেয়ে থানাপুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে এব্যাপারে কেউ বলতে পারেনি কিভাবে তার মৃত্যু হয়েছে।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


