ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে একটি মাদ্রাসার বালতির পানিতে ডুবে ২ বছর বয়সের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। নিহত ওয়াসিফা খাতুন (২) নাটশাল গ্রামের মাওলানা জয়নাল আবেদীনের মেয়ে।
রোববার (২১ মে) দুপুরে উপজেলার নাটশাল জামিলাতুন নেছা ইসলামিয়া মহিলা ক্বওমী এতিমখানা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ওই মাদ্রাসার শিক্ষিকা শিশুটির মা মাইমুনা খাতুন শিশুটিকে পাশে রেখে মাদ্রাসায় ছাত্রীদের ক্লাস নিচ্ছিলেন। এ সময় শিশুটি খেলতে খেলতে বাথরুমে গিয়ে বালতি পানিতে পড়ে ডুবে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


