ধূমকেতু প্রতিবেদক, তানোর : পরিবার পরিজন বউ ছেলে রেখে অতি গোপনে ধরা খেয়ে দ্বিতীয় বিয়ে করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে তানোর পৌর সদর এলাকায় ঘটে বিয়ের ঘটনাটি।
তবে এমন বিয়ের খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীসহ এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। আবার কেউ বলছেন পরিবারের অনুমতি বা অভিভাবক ছাড়া কিভাবে বিয়ে হয় এমন প্রশ্ন জনসাধারণের। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর এমন বিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এলাকায়।
বুধবার সকালের দিকে মেয়ের বাড়িতে গিয়ে কথা বলতে চাইলে পিতা জানান, এখন আর কথা বলে কি হবে। যা হবার হয়ে গেছে। আমার মেয়ে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি তে অনার্স করত। গত প্রায় দুই আড়াই বছর ধরে মেয়ে সাথে তেমন ভাবে যোগাযোগ করতে পারিনি। মেয়ের কাছে যে মোবাইল ছিল সেটাও কেড়ে নেয়া হয়েছে। গত তিন চার দিন আগে মেয়ে বাড়িতে আসে। সবকিছু শোনার পর হতবাক হয়ে পড়ি। পড়া লিখা করতে পাঠালাম আর মেয়ে কোন খপ্পরে পড়ে এমন ঘটনার জন্ম দিল। আমার মেয়ের সাথে নাকি ওই শিক্ষকের কালেমা হয়েছিল। সে জন্য মেয়ে ওই শিক্ষকের কাছে থাকত। কিন্তু কালেমা হলেও কোন রেজিষ্ট্রি ছিল না। আপনারা নাকি ওই শিক্ষক কে প্রলোভন দিয়ে ডেকে এনে জোরপূর্বক বিয়ে দিয়েছেন জানতে চাইলে তিনি জানান, ওই শিক্ষক আমার বাড়িতে আসার পর গ্রামের মাতব্বর আনারুল ও সাইদুর এবং হালিমকে সব বলা হয়। তারা তখন কাজি ডেকে ৪ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ে রেজিষ্ট্রি হয়েছে। সবাই আমার বাড়িতে আছে। যেহেতু বিয়ে হয়েছে তাই জামাইকে যেভাবে সম্মান করা প্রয়োজন সেভাবে সম্মান করা হচ্ছে। জামাইয়ের বাড়ি কুড়িগ্রাম রংপুরে। তাদের পরিবারের লোকজন এখানে আসার কথা। এলে সে ভাবে বিদায় দেয়া হবে। তার সাথে কথা বলতেই মাতব্বর কারিগরি কলেজের কর্মচারী ও পৌরসভার সাবেক কৃষক দলের আহবায়ক আনারুল বাইকে এসে সাব কথা জানিয়ে দেয় ছেলে মেয়ের সাথে কোন কথা বলা যাবে না। ওই শিক্ষক মেয়েকে দুই আড়াই বছর ধরে দাসী বানিয়ে রেখেছিল। মেয়ের কাছে বিয়ের কোন প্রমান ছিল না। এজন্য গত মঙ্গলবার দিবাগত রাতে ৪ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ে রেজিস্ট্রি করা হয়েছে। এখন একটা প্রমান থাকল, ভবিষ্যতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব ও মেয়ের সাথে দেখা বা কথা বলতে না দেয়ার কারনে কোন বক্তব্য পাওয়া যায় নি।
বুধবার বিকেল তিনটার দিকে মেয়ের পিতাকে ফোন দিয়ে শিক্ষকের পরিবারের লোকজন এসেছে কিনা জানতে চাইলে তিনি জানান, আমি টেনশনে আছি পরে কথা বলছি।


