ধূমকেতু প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া-৩ (আদমদীঘী-দুপচাঁচিয়া) আসনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী, জাতীয়তাবাদী শ্রমিকদল ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ।
তাঁর সাহসী ও সময়োপযোগী পরিকল্পনায় স্থান পাচ্ছে স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, যোগাযোগ অবকাঠামো, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গঠন এবং সাংবাদিক সমাজের উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো।
লায়ন ফরিদ আহমেদ মনে করেন, আদমদীঘী ও দুপচাঁচিয়া মূলত কৃষিনির্ভর জনপদ, যেখানে অর্থনীতির মেরুদণ্ড কৃষি খাত। তাই উন্নয়নের মূল কেন্দ্রে কৃষিকে গুরুত্ব দিয়ে তিনি একাধারে উৎপাদন, বিপণন ও সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে চান।
তিনি বলেন, “এই এলাকায় বাংলাদেশের বৃহত্তম সাইলো সান্তাহারে অবস্থিত। এই সাইলোকে কেন্দ্র করে একটি কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব। কৃষকের উৎপাদিত ধান, চাল ও খাদ্যশস্য যেন ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে এবং ফসল সংরক্ষণের ব্যবস্থা থাকে, সেটিই আমাদের লক্ষ্য।”
তার পরিকল্পনায় রয়েছে—সাইলো কেন্দ্রিক আধুনিক কৃষি হাব তৈরি, সরকারি উদ্যোগে কৃষিপণ্য সংরক্ষণের ব্যবস্থা, কৃষকদের সহজ শর্তে ঋণ, প্রযুক্তিনির্ভর কৃষি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, এবং উৎপাদক ও বাজারের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন।
তিনি আরও বলেন, “আধুনিক কৃষি মানে শুধু চাষ নয়—এটা হচ্ছে বিজ্ঞান, গবেষণা, সংরক্ষণ এবং বিক্রির ব্যবস্থা। আমরা কৃষিকে অর্থনীতির প্রাণকেন্দ্রে নিয়ে যেতে চাই।”
পাশাপাশি স্বাস্থ্য খাতেও তাঁর পরিকল্পনা অত্যন্ত সুসংগঠিত। তিনি আদমদীঘী ও দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সান্তাহার স্টেডিয়ামকে আধুনিক ক্রীড়া ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা যেন তরুণদের জীবনধারার অংশ হয়—এ লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
যানজট সমস্যার কথা মাথায় রেখে সান্তাহার রেলওয়ে জংশনে একটি আধুনিক ফ্লাইওভার নির্মাণ, দুপচাঁচিয়া সিও অফিস মোড়, চৌমুহনী ও তিনমাথা মোড়ে যানজট নিরসনে অবকাঠামোগত উন্নয়ন এবং ভাসমান দোকানগুলোকে পরিকল্পিত বাজারে স্থানান্তরের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
তাছাড়া সাংবাদিকদের মর্যাদা ও কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সান্তাহার, আদমদীঘী ও দুপচাঁচিয়ায় পৃথক প্রেসক্লাব নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।
লায়ন ফরিদ আহমেদ বলেন, “আমার রাজনীতি ক্ষমতা নয়—পরিবর্তনের জন্য। উন্নয়ন মানে কাগজে কলমে প্রকল্প নয়, মানুষের ঘরে ঘরে তার ছোঁয়া পৌঁছানো।”
এলাকার মানুষ মনে করছেন, আধুনিক কৃষি, সাস্থ্য ও অবকাঠামোগত পরিকল্পনার বাস্তবায়নের মাধ্যমে আদমদীঘী-দুপচাঁচিয়া হবে একটি মডেল উন্নয়ন অঞ্চল। আর সেই পথ দেখাতে পারবেন এমন একজন নেতা—যিনি মাটি ও মানুষের কথা বোঝেন, যিনি মাঠে থাকেন—তাঁর নাম লায়ন ফরিদ আহমেদ।
তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে,
“ভবিষ্যতের উন্নয়নে নেতৃত্ব দিতে হলে, প্রতীকে চাই ধানের শীষ—আর আদমদীঘী-দুপচাঁচিয়ায় নেতৃত্বে চাই লায়ন ফরিদ আহমেদ।”


