ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. লোকনুজ্জামান আহম্মেদ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাহাদৎ হোসেন, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স. ম. আসাদুজ্জমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৩৯জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান এবং এসএসসি পর্যায়ে ১০ হাজার টাকা করে ও এইচএসসি পর্যায়ে ২৫ হাজার টাকা করে নিজ নিজ হিসাব নম্বরে প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম।#


