ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভোগদখলীয় ধানীজমি জোরপূর্বক দখলের অভিযোগ করেছেন সালিম সওদাগর এক ভুক্তভোগী।
বুধবার গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে দেয়া লিখিত বক্তব্য তিনি জানান,উপজেলার রহনপুর ইউনিয়নের নওদা মৌজার ১.২৮ একর ধানীজমি তিনি প্রায় এক বছর যাবত ভোগদখল করে আসছেন।
গত ১২ আগস্ট ওই জমিতে ধানচাষ করতে গেলে একই ইউনিয়নের কাজিগ্রামের মৃত দেলশাদ আলী মন্ডলের ছেলে সাইদুর রহমান ফিটুর নেতৃত্বে বেশ কয়েকজন বাধা প্রদান করে। এ ঘটনায় সেদিনই গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।এরই ধারাবাহিকতায় তারা গত ১৯ অক্টোবর রাতের আঁধারে তার জমির সীমানা হিসেবে দেয়া কাঁটা তার বেড়া তুলে ফেলে।
এ ঘটনায় গত ২১ অক্টোবর গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান,ওই জমিতে তার রোপণ করা উঠতি রোপা আমন ধান রয়েছে। যা কর্তন করা নিয়ে তিনি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।


