ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিশ্বমানের টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের আশ্বাস দিয়েছেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুল।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ডাকবাংলো অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
মতবিনিময় সভার প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, বর্তমানে আমাদের এই এলাকায় শিক্ষার গুণগতমান অনেকটায় কমে গেছে, গত বিসিএস পরীক্ষায় এ উপজেলা থেকে মেধাতালিকায় মাত্র ৩ জন উত্তীর্ণ হয়েছে। যোগ্য শিক্ষার্থী তৈরিতে এ টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে উচ্চ মেধাসম্পন্ন শিক্ষক এনে নামমাত্র বেতনে শিক্ষার্থীদের লেখাপড়া করানো হবে। এমনভাবে এই শিক্ষার্থীদের তৈরি করা হবে যেন লেখাপড়া শেষ হওয়ার সাথে সাথেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।
এ ছাড়াও বিগত সরকারের সময় বিভিন্ন অনিয়মের মাধ্যমে তুলনামূলক কম যোগ্যতা ও কম মেধাবী শিক্ষকের নিয়োগ হয়েছে। সে কারণে এ এলাকায় শিক্ষিত বেকারের হারও বেড়েছে। প্রতিযোগিতার পরীক্ষায় তারা টিকতে পারছেন না। এ এলাকার বেকারত্ব দূর করার জন্য বদলগাছীতে একটি আমের জুস ফ্যাক্টরি তৈরি করাসহ অন্যান্য ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আলোচনা হয়েছে।
কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮, নওগাঁ-৩ আসনে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি যদি ভোটে নির্বাচিত হতে পারি তাহলে মহাদেবপুর-বদলগাছী থানা থেকে মাদক ও দূর্ণীতি বন্ধে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো। উক্ত মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিক গোলাম রসুল বাবুর সভাপতিত্বে মহাদেবপুর প্রেসক্লাব, মহাদেবপুর থানা প্রেসক্লাব, মহাদেবপুর উপজেলা প্রেসক্লাব ও ডিজিটাল প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষক দলের সভাপতি মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবদিক আজাদুল ইসলাম আজাদ, আজাদ হোসেন মুরাদ, বরুন মজুমদার, এম. সাখাওয়াত হোসেন, আককাস আলী, আব্দুর রশিদ তারেক, গৌতম কুমার মহন্ত, জুয়েল মন্ডল প্রমূখ। এর আগে মুক্তিযোদ্ধাদের সাথে তিনি মতবিনিময় সভা করেন।#



