ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বা মহানন্দা সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক ভবন ঘেরাও কর্মসূচী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে । মঙ্গলবার (১৮ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কার্যালয়ের মূল ফটকের সামনে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
এ সময় ঘন্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মো. তরিকুল আলম মোল্লা, ছাত্রজনতার মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্দতব্য রাখেন।
বক্তারা বলেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর থেকে দীর্ঘ ৩৩ বছর ধরে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে টোল আদায় করা হচ্ছে। একাধিকবার টোল প্রত্যাহারের দাবি জানানো হলেও সরকার তা আমলে নেয়নি। এ নিয়ে দফায় দফায় স্মারকলিপি প্রদান ও আন্দোলন করা হলেও কোনো কার্যকর ফল পাওয়া যায়নি। আর তাই চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি চাঁপাইবাসীর কথা চিন্তা করে মহানন্দা সেতুর টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করে। আর এই দাবী পূরণ না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারী দেন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, পরিবহন মালিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, ব্যবসায়ী সমিতির প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিকে অবরোধের ফলে মহানন্দা সেতুর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পরিবহন চলাচলে ভোগান্তি দেখা দেয়। ##



