ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের শিক্ষার্থী আলী জাকের (২২) ও অটোরিকশা চালক আবু হাসান (৪৬)।
রবিবার রাত ৯ টার দিকে উপজেলার পিড়ার মোড় এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই আলী জাকেরের মুত্যু হয়। আলী জাকের বদলগাছী উপজেলার গাবনা গ্রামের এনামুল হকের ছেলে।
এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। অপরদিকে রাত ৩ টার দিকে পত্নীতলা উপজেলার ফতেপুর বাজারের অদূরে ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে আটোরিকশা চালক আবু হাসান নিহত হন। আবু হাসান উপজেলার সুজাইলহাট গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আবু হাসান তার অটোরিকশায় যাত্রী নিয়ে নজিপুর থেকে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারে যাচ্ছিল। বাজারের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক আবু হাসানের মৃত্যু হয়।
এ ঘটনায় অটোরিকার যাত্রী ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫) ও নিহত হন।#



